back to top
Tuesday, November 24, 2026

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা, মালিকেরা দিতে চান ১৫ হাজার ৮০০ টাকা

| ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:২৯

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। বিপরীতে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবে ব্যবধান থাকায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। মুলতবি হওয়া সভাটি আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১২টায় শুরু হওয়া সভা কয়েক দফা বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট আলোচনার পরও মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

সভা সূত্রে জানা যায়, শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে দীর্ঘ আলোচনার পর দুই দফায় সংশোধন করে সর্বশেষ ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে শ্রমিকপক্ষ আগের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিল। গতকালের সভায় দুই দফায় সংশোধন করে সেই প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা করা হয়।

সভায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। সেটি নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে পাওয়া তথ্য-উপাত্তও আলোচনায় উপস্থাপন করা হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, এখনই প্রস্তাবটি প্রকাশ করা হবে না। কারণ, শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।

মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা, মালিকদের সক্ষমতা, ছোট ও মাঝারি শিল্পের অবস্থা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ সাধারণত কম প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করে। তাদের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে সংশোধিত প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বাবুল আখতার বলেন, মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। তবে তিনি শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকালও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সকালে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুর এলাকায় প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল।

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে গতকাল ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল আরও ২২টি কারখানা। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি।

গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। এরপর ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার আগে সভাটি স্থগিত করা হয়। স্থগিত সেই সভা গতকাল অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা আবারও এগিয়ে নেওয়ার কথা রয়েছে। সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

সর্বশেষ