back to top
Tuesday, October 20, 2026

রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়

| ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার রাতে তিনি রামগড়ের শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়িতে গিয়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। রাত ১০টার দিকে ওয়াদুদ ভূঁইয়া কালীবাড়িতে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি বাদল চক্রবর্তী, সাধারণ সম্পাদক স্বপন দে, কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি মন্দিরের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, দক্ষিণেশ্বরী কালীবাড়ির সঙ্গে তাঁর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে।

ছোটবেলায় পূজার সময় তিনি এই মন্দিরে এসে আরতি করেছেন। মন্দিরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। মন্দির কমিটির অভ্যন্তরীণ কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করা প্রয়োজন। সনাতন সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, তাঁর দল সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে। কোনো ব্যক্তি অন্যায় বা হয়রানির শিকার হলে বিষয়টি তাঁকে জানাতে বলেন তিনি। এ ছাড়া দক্ষিণেশ্বরী কালীবাড়ির দশমী ঘাটসহ মন্দিরের বিভিন্ন উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন। মন্দির কমিটির নেতারা এ সময় মন্দিরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তাঁর কাছে তুলে ধরেন। তাঁরা মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করেন। এর আগে শুক্রবার বিকেলে রামগড়ে পৌঁছে ওয়াদুদ ভূঁইয়া নূরপুর এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত পরিত্যক্ত আবাসিক বিদ্যালয় ভবন পরিদর্শন করেন। পরে তিনি কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন এবং রামগড় লেক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেন। প্রকল্পগুলোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ